নীলফামারীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান

Shahrier Islam Pallab
নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কৃষি উৎপাদন বাড়ানো ও কৃষকদের সহায়তায় নীলফামারীতে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ব্যাংকটির উদ্যোগে নীলফামারী সদর, ডোমার ও ডিমলা উপজেলার মোট ১ হাজার ৫০০ কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

আরও পড়ুন: উলিপুরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরুন নেওয়াজ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়রা মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, এনসিসি ব্যাংক শুধু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে না, পাশাপাশি কৃষকদের কল্যাণেও কাজ করছে। ব্যাংকটির মুনাফা থেকে কৃষকদের জন্য এসব কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

তিনি আরও বলেন, নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাস দেওয়ার জন্য ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির কাছে অনুরোধ জানিয়েছিলেন। কর্তৃপক্ষ সেই অনুরোধ গ্রহণ করেছে। শিগগিরই কলেজের জন্য বাসটি পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন কৃষকদের মধ্যে বিতরণ করা উপকরণের বিবরণ তুলে ধরেন। তিনি জানান, প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ১০ কেজি জিপসাম, ১ কেজি জিংক এবং ৫ কেজি ধানবীজ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নীলফামারী সদর উপজেলায় ৫০০ জন এবং ডোমার ও ডিমলা উপজেলায় ৫০০ জন করে মোট ১ হাজার ৫০০ কৃষক এই সহায়তা পাচ্ছেন।