জামিন পেয়েও মুক্তি মেলেনি, কারাগারেই মৃত্যু আওয়ামী লীগ নেতার
জামিনের আদেশ পেয়েও শেষ পর্যন্ত কারামুক্ত হওয়া হলো না কিশোরগঞ্জের ৭৫ বছর বয়সী রঞ্জিত কুমার ঘোষের। প্রয়োজনীয় ক্লিয়ারেন্স সার্টিফিকেট না পৌঁছানোয় গতকাল রোববার জামিন পাওয়ার পরও তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা আজ তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটেছে তাঁর মৃত্যুর মধ্য দিয়ে। সোমবার সকালে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ব্যক্তির নাম রঞ্জিত কুমার ঘোষ (৭৫)। তিনি জেলার সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাজীপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
গতকাল রঞ্জিত কুমারের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। কিন্তু রাত পর্যন্ত মুক্তির বিষয়ে কোনো ক্লিয়ারেন্স সার্টিফিকেট (অনাপত্তিপত্র) কারা কর্তৃপক্ষ পায়নি। সে জন্য তাঁকে মুক্তি দেওয়া যায়নি। আজ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আসার সম্ভাবনা ছিল। এর মধ্যে তিনি মারা গেলেন।
রঞ্জিত কুমারের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেল সুপার জাহানারা বেগম। তিনি বলেন, কিছুদিন ধরে রঞ্জিত কুমার শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কারা অভ্যন্তরে হাসপাতালে তাঁকে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে তিনি হঠাৎ বেশি অসুস্থতা অনুভব করলে তাঁকে কারা কতৃপক্ষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ
জেল সুপার আরও বলেন, গতকাল রঞ্জিত কুমারের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। কিন্তু রাত পর্যন্ত মুক্তির বিষয়ে কোনো ক্লিয়ারেন্স সার্টিফিকেট (অনাপত্তিপত্র) কারা কর্তৃপক্ষ পায়নি। সে জন্য তাঁকে মুক্তি দেওয়া যায়নি। আজ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আসার সম্ভাবনা ছিল। এর মধ্যে তিনি মারা গেলেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বজনদের বরাতে জানা গেছে, জুলাই আন্দোলনের একটি মামলায় রঞ্জিত কুমারকে গত আগস্টে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকেই তিনি কিশোরগঞ্জ জেলা কারাগার–১–এ বন্দী ছিলেন। শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন রঞ্জিত।
রঞ্জিত কুমারের ভাগনে মৃণাল কান্তি ঘোষ বলেন, গতকাল তাঁর মামার জামিন হয়। আজ কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। কিন্তু মুক্তির পরিবর্তে কারা কর্তৃপক্ষ মৃত্যুর খবর দিয়েছে।
কারাগারে অবস্থানকালে রঞ্জিত কুমারের শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানান মৃণাল কান্তি। এ সময় তাঁর মামার যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে কি না এবং কী কারণে মৃত্যু হয়েছে, এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্বজনেরা।





