সিএনজিতে তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

Sadek Ali
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে তাঁকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

সহকর্মী শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার জন্য আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন লক্ষ্মী রানী নাথ। চন্দ্রগঞ্জ থানা থেকে সামান্য পশ্চিমে একটি নার্সারির সামনে ছিল তাঁর গন্তব্য। কিন্তু নির্ধারিত পথে না গিয়ে চালক তাঁকে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সড়ক দিয়ে নিয়ে যায়।

একপর্যায়ে অটোরিকশার চালক ও তার সহযোগীরা শিক্ষিকাকে মারধর করে। এ সময় তাঁর হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে তাঁকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, এ ঘটনায় সিএনজি চালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।