জানা গেল রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
২০২৭ সালের পবিত্র রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রকাশিত প্রাথমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর এবং ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে ১৪৪৮ হিজরির রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রমজানের শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর বা শবে কদর পালিত হতে পারে ৫ মার্চ দিবাগত রাতে।
আরও পড়ুন: ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি ঢাকায় রমজানের প্রথম দিনে সেহরির শেষ সময় হতে পারে ভোর ৫টা ১৯ মিনিট। আর ইফতারের সম্ভাব্য সময় বিকেল ৫টা ৪৯ মিনিট।
১৪৪৮ হিজরির রমজান উপলক্ষে প্রকাশিত প্রাথমিক নামাজের সময়সূচিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। আলাদান ডটকমের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ওই দিন ঢাকায় মাগরিবের ওয়াক্ত শুরু হবে বিকেল ৫টা ৪৯ মিনিটে। মানারাত আল-ইসলামের প্রকাশিত রমজানের সময়সূচিতেও একই সময় উল্লেখ করা হয়েছে। মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোজাদাররা ইফতার করবেন।
আরও পড়ুন: শুক্রবার সারা দিন যে ৩টি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়বেন
এদিকে, ২০২৭ সালে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত উদযাপিত হতে পারে। এর আগের দিন ১৫ মে পবিত্র আরাফাতের দিন পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকাশিত ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী, ৪ ও ৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ ও ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ ও ১৫ আগস্ট মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। একই ক্যালেন্ডারে ২৪ ও ২৫ ডিসেম্বর দিবাগত রাতে শবে মেরাজের আরেকটি সম্ভাব্য তারিখও উল্লেখ রয়েছে।
তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। বিশেষ করে রমজান ও ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে বাংলাদেশে রমজান শুরু ও ঈদ উদযাপনের তারিখ এক দিন আগে বা পরে হতে পারে। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামী উৎসব ও ধর্মীয় দিবসগুলোর তারিখ পরিবর্তিত হতে পারে। এ ছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে রমজানের প্রথম দিনে দেশের বিভিন্ন অঞ্চলে সেহরি ও ইফতারের সময়েও কিছুটা পার্থক্য থাকবে। তাই ঢাকার জন্য প্রকাশিত সময়সূচি দেশের সব অঞ্চলের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, চলতি ২০২৬ সালে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। মাসব্যাপী রোজা শেষে ২০ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।





