নিষিদ্ধ লীগের নাশকতা ঠেকাতে এবার মাঠে জুলাই ঐক্য শক্তি

Sadek Ali
শামসুজ্জামান শামস
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৪ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

*নিজ নিজ এলাকায় নাশকতা ঠেকাবে এমপিরা

* সব দলকে মাঠে প্রতিরোধের আহ্বান জামায়াত সেক্রেটারির

আরও পড়ুন: নাশকতা-আগুন সন্ত্রাসে কঠোর সরকার

* জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবু হানিফের

* ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

আরও পড়ুন: চিকিৎসকদের কমিশন বাণিজ্যের ফাঁদে দিশেহারা রোগীরা

* তোরা ঝুলবি রশিতে এটাই তোদের নিয়তি: ছাত্রদল নেতার পোস্ট

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগের প্রতিবাদে রাজপথে সরব রয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মাঠে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা, সহিংসতা ও নাশকতার অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছে। দলটির নেতারা বলছেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে পরিস্থিতির অবনতি হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার বিষয়েও তারা প্রস্তুত রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর রাজপথের কর্মসূচি আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিএনপি ও জামায়াত নেতাদের বক্তব্য অনুযায়ী, দেশে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা জননিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। তবে রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও আইনসম্মত রাখার ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এককথায় বলতে গেলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ আর কয়েকটি রাজনৈতিক দল। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন। একইদিন বিকেলে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজেদের মতো কর্মসূচি পালনের তাগিদও দেন তিনি। তিনি বলেন, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় যা হচ্ছে, একটি নির্বাচিত সরকারের আমলে এসব ঘটনা কাম্য নয়। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথম অপরাধ করেছে। এখন বলছে, তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠাতে হবে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দেশের সাম্প্রতিক ঘটনায় দেশবাসীর মতো আমরাও উদ্বিগ্ন। পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ, মাদারীপুর যে দেশের একটা অংশ, এটা মনে হচ্ছে না। তিনি বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের রক্ষায় রাষ্ট্রপতির ভূমিকা জরুরি। তিনি আরও বলেন, প্রশাসন থেকে শুরু করে সরকারি সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করে শক্তভাবে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর ইসলাম খান বলেছেন, তোদের খুনি হাসিনা ফিরবে না। না মানে না। গণহত্যাকারীদের রাজনৈতিক পুনরুত্থান হবে না। ডিসেম্বর শেষে সেটাই হবে প্রমাণিত। তিনি বলেন, গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি। গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আবিদুর লেখেন, যখন পুরো রাষ্ট্র আওয়ামী সন্ত্রাসীদের নখদর্পণে ছিল তখনই খুনি হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছিল। এখন জনগণ ক্ষমতায়। জনগণ চাইলে একদিনেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ধুলোয় মিশিয়ে দেবে। দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনি পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে তিনি লেখেন, আর একবিন্দুও ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তাই কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে। বিএনপি তার সাংগঠনিক শক্তি প্রদর্শনে সর্বদা প্রস্তুত। ওয়েট অ্যান্ড সি! নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। গতকাল বুধবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আবু হানিফ তার পোস্টে বলেন, গত কয়েকদিন যাবৎ গোপালগঞ্জে নারকীয় তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়েছিল সংসদ সদস্য জিলানীর বাড়িতে ও পুলিশের গাড়িতে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গত মঙ্গলবার ফরিদপুরে এক বিএনপি নেতাকে হত্যা করেছে, বাসে আগুন দিয়ে পিরোজপুরে বাসের এক হেলপারকে হত্যা করেছে। পোস্টে বলেন, জুলাইয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল। ফলে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়। তবে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে। নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হওয়ায় পতিত নিষিদ্ধ আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে এখন। এই পরিস্থিতি চলতে থাকলে সারাদেশেই ধ্বংসযজ্ঞ চালাবে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পোস্টে তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু নিষিদ্ধ লীগের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। শুধু রাজনৈতিক দলগুলো নয়, সকল জুলাইপন্থী সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে।