বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে গোয়েন্দা সংস্থার একটি দল। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন মুফতি রুহুল আমিন।
আরও পড়ুন: ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে ঘুসি, ডেমরায় দুই পক্ষের সংঘর্ষ
তিনি ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ পদে ছিলেন। এর আগে ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলেম সমাজের একটি অংশের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থলে অনুপস্থিত থেকে আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। এর কিছুদিন পর, ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যে মাতুয়াইলে ১.৫ একর জমিতে খেলার মাঠ নির্মাণ শুরু: ডিএসসিসি প্রশাসক
সংঘর্ষের ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররমের খতিবের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার রাজধানী থেকে গোয়েন্দা সংস্থার হাতে আটক হলেন বায়তুল মোকাররমের সাবেক এই খতিব।





