ইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৬ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, মানুষ ভোটের দিকে মনোযোগী হলে দেশে বিশৃঙ্খলা কমে আসবে।

বুধবার (১৮ নভেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম, বর্তমান ও উত্তরণ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার

সিইসি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি রয়েছে। নির্ধারিত সময়েই এ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এদিকে জাতীয় পরিচয়পত্র সেবা সহজ করা এবং নাগরিকদের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন সিইসি। এনআইডি সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে চায়।

আরও পড়ুন: আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি আরও জানান, এনআইডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চায় না নির্বাচন কমিশন।

কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এসব আবেদন নিষ্পত্তি করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এর ফলে নাগরিক সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দিনব্যাপী এ কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন।