সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে। গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে তাঁদের বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাঁদের বরখাস্ত কার্যকর হবে।
সংশ্লিষ্ট আদেশে বলা হয়েছে, সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় তাঁদের সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্ধারিত তারিখে তাঁদের সামরিক চাকরির অবসান ঘটবে।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার
আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে উল্লেখ করা হয়েছে ‘চাকরি হতে বরখাস্ত’। অর্থাৎ, আদেশে অবসরের পরিবর্তে বরখাস্তের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শালের পাশাপাশি নির্দিষ্ট আইনগত বিধান অনুসরণ করে সরকার কোনো সামরিক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।
আরও পড়ুন: ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তার বরখাস্তের আদেশে বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট আর্মি রুলস ও আর্মি রেগুলেশনের বিভিন্ন বিধানের উল্লেখ রয়েছে। আদেশ অনুযায়ী, তিনি সেনাসদরের এমঅ্যান্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ছিলেন।
অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম সেনা কল্যাণ সংস্থা, ঢাকা সেনানিবাসে কর্মরত ছিলেন। তার বরখাস্তের আদেশেও সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালার উল্লেখ করা হয়েছে।
গত ১২ নভেম্বর জারি করা পৃথক আদেশ দুটিতে বলা হয়েছে, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে বরখাস্ত কার্যকর হবে।





