৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার সকালে দুই কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল আটটার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন: গণভোট অবৈধ হলে সরকারও বৈধ নয়’— মামুনুল হক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান নেন। পরে দুই কারখানার বিপুলসংখ্যক শ্রমিক একত্র হয়ে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে এ সময় শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: আলু উৎপাদন ও গবেষণার অগ্রগতি দেখতে বিএআরআই পরিদর্শনে আন্তর্জাতিক আলু কেন্দ্রের প্রতিনিধিদল

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।