আলু উৎপাদন ও গবেষণার অগ্রগতি দেখতে বিএআরআই পরিদর্শনে আন্তর্জাতিক আলু কেন্দ্রের প্রতিনিধিদল

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আলু উৎপাদন, উন্নত জাত উদ্ভাবন ও আধুনিক গবেষণা কার্যক্রমের অগ্রগতি দেখতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) পরিদর্শন করেছে আন্তর্জাতিক আলু কেন্দ্রের (সিআইপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সোমবার (১৬ নভেম্বর) সিআইপির সাইমন হকের নেতৃত্বে প্রতিনিধিদলটি বিএআরআইয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এ সময় বিএআরআইয়ের  ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত প্রতিনিধিদলকে গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

আরও পড়ুন: গণভোট অবৈধ হলে সরকারও বৈধ নয়’— মামুনুল হক

পরিদর্শনকালে বিএআরআইয়ের প্রশিক্ষণ ও যোগাযোগ পরিচালক ড. রেশমা সুলতানা, গবেষণা পরিচালক ড. কাউছার উদ্দিন আহাম্মদ, পরিকল্পনা ও মূল্যায়ন পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসির, সেবা ও সরবরাহ পরিচালক ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল মান্নান এবং ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহা. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলটি বিএআরআইয়ের প্ল্যান্ট জেনেটিক রিসোর্স সেন্টার (জিন ব্যাংক) এবং টিস্যু কালচার ল্যাবরেটরিসহ বিভিন্ন গবেষণা অবকাঠামো পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে ধারণা নেন তারা।

আরও পড়ুন: ব্রিতে নবান্ন উৎসব উদযাপন

বিএআরআইয়ের এ পরিদর্শন আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আলুসহ বিভিন্ন ফসলের উৎপাদন ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।