সিলেটে আ.লীগ নেতা রনজিতের সভা: দায় কি শুধু ওসি ওমর ফারুকের?

Shahrier Islam Pallab
জুলফিকার তাজুল, সিলেট
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩৮ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সভায় অংশ নেওয়ার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা নিয়ে। 

শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া, প্রায় ১৭৫ জনের উপস্থিতি, রাজনৈতিক ব্যানার এবং পরে প্রকাশ্যে বক্তব্যের ভিডিও প্রচার, সব মিলিয়ে ঘটনাটি এখন আর কেবল একটি সভার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রশ্ন উঠেছে, এত বড় আয়োজনের খবর স্থানীয় প্রশাসন আগে জানতে পারল না কেন? আর ঘটনার দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুকের?

আরও পড়ুন: ঘুষ গ্রহণের ভিডিও ফাঁসের পর লক্ষ্মীপুরে পিডিবির উপ-সহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

সিলেটের পর্যটনকেন্দ্র রাতারগুল। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন পর্যটকেরা এখানে আসেন। পর্যটন, ব্যবসা ও স্থানীয় মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে এই এলাকার পরিচিতি। সেই রাতারগুলের একটি ইকো রিসোর্টে ৮ নভেম্বর অনুষ্ঠিত একটি সভা এখন প্রশাসনিক জবাবদিহির প্রশ্ন সামনে নিয়ে এসেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে সভাটি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার এবি এম জাকির হোসেন জানান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সভাস্থল শনাক্ত করে। 

আরও পড়ুন: নীলফামারী জেলা আইনজীবী সমিতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়। পরে রনজিত সরকার উপস্থিত হয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। সভায় প্রায় ১৭৫ জনের উপস্থিতির তথ্যও সামনে এসেছে। বিভিন্ন গণমাধ্যম-এর প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সভার ভিডিও রনজিত সরকার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর সভাস্থল নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমদিকে সিলেট ও সুনামগঞ্জ পুলিশের বক্তব্যে সভার স্থান নিয়ে ভিন্ন তথ্য সামনে আসে। পরে সুনামগঞ্জের পুলিশ সুপার রাতারগুলের রিসোর্টটির নাম উল্লেখ করে সভার স্থান নিশ্চিত করেন। অর্থাৎ, সভাটি কোথায় হয়েছে, সে তথ্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে শুরুতেই স্পষ্ট ছিল না বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রতীয়মান হয়।

শিক্ষা সফরের আড়ালে রাজনৈতিক সভা :

একটি রিসোর্টে ১৭৫ জনের জমায়েত কোনো ছোট আয়োজন নয়। এর জন্য জায়গা বুকিং, যাতায়াত, খাবার, অবস্থান এবং অন্যান্য ব্যবস্থাপনার প্রয়োজন হয়। আয়োজকেরা যদি সত্যিই শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া নিয়ে থাকেন, তাহলে বুকিংয়ের সময় কী ধরনের তথ্য দেওয়া হয়েছিল, রিসোর্ট কর্তৃপক্ষ কী যাচাই করেছিল এবং অনুষ্ঠানের প্রকৃতি পরিবর্তনের বিষয়টি তারা কখন জানতে পেরেছিল, তা তদন্তের আওতায় আসা জরুরি।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল জানিয়েছেন, শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে পর্যটকবাহী বাসে করে লোকজন রিসোর্টে এসেছিলেন বলে পুলিশ তথ্য পেয়েছে। তিনি আরও বলেছেন, ঘটনার সঠিক তথ্য উদ্‌ঘাটন ও আইনগত পদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে। অন্যদিকে, সভা সম্পর্কে তাঁর কাছে আগে কোনো তথ্য ছিল না বলেও সংবাদমাধ্যমে বক্তব্য এসেছে।

এখানেই মূল প্রশ্ন: স্থানীয় থানার কাছে তথ্য না থাকার কারণ কী? একটি বড় জমায়েতের বিষয়ে পুলিশের আগাম তথ্য না থাকলে সেটি কি গোয়েন্দা তথ্যের ঘাটতি, স্থানীয় পর্যায়ে নজরদারির দুর্বলতা, নাকি আয়োজকদের পরিকল্পিতভাবে তথ্য গোপন করার ফল? এসব প্রশ্নের উত্তর তদন্ত ছাড়া দেওয়া সম্ভব নয়।

সীমান্ত পেরিয়ে আসার প্রশ্ন, কিন্তু নিশ্চিত তথ্য কোথায়?

ঘটনাটি নিয়ে সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি হলো, রনজিত সরকার কীভাবে দেশে প্রবেশ করলেন। বিভিন্ন প্রতিবেদনে তাঁকে দেশের বাইরে অবস্থানরত ও আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। কিছু প্রতিবেদনে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসার কথাও বলা হয়েছে। কিন্তু তাঁর প্রবেশের নির্দিষ্ট পথ, সময়, সহযোগী এবং যাতায়াতের তথ্য সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ, যাচাই করা বক্তব্য এখনো স্পষ্ট নয়।

তাই সীমান্ত দিয়ে প্রবেশের বিষয়টিকে নিশ্চিত ঘটনা হিসেবে প্রচার না করে তদন্তের বিষয় হিসেবে দেখা প্রয়োজন। যদি তিনি সীমান্ত পেরিয়ে এসে থাকেন, তাহলে কোন সীমান্তপথ ব্যবহার করেছেন, কারা তাঁকে সহায়তা করেছে, সীমান্ত নজরদারিতে কোনো ঘাটতি ছিল কি না এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কাছে আগাম তথ্য ছিল কি না, এসব প্রশ্নের জবাব দিতে হবে। এখানে শুধু সীমান্তরক্ষী বাহিনী নয়, গোয়েন্দা সংস্থা, স্থানীয় পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটের দায়িত্ব ও তথ্য আদান-প্রদানের বিষয়ও গুরুত্বপূর্ণ।

দায় কি শুধু ওসি ওমর ফারুকের?

কোনো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গুরুত্বপূর্ণ। স্থানীয় অপরাধ, সন্দেহজনক কর্মকাণ্ড, বড় জমায়েত এবং নিরাপত্তাসংক্রান্ত তথ্য সংগ্রহে থানার ভূমিকা রয়েছে। ফলে রাতারগুলের ঘটনার ক্ষেত্রে গোয়াইনঘাট থানার ভূমিকা অবশ্যই তদন্ত করা দরকার বলে মনে করেন অনেকেই। 

তবে রাজনীতি সংশ্লিষ্টরদের দাবি, শুধু একটি থানার ওসির দায়িত্ব আর পুরো নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব এক নয়। স্থানীয় পুলিশ, জেলা পুলিশ, গোয়েন্দা সংস্থা, সীমান্তরক্ষী বাহিনী এবং প্রশাসনের মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের বিষয় রয়েছে। কোনো কর্মকর্তা আগে থেকে তথ্য পেয়েছিলেন কি না, তথ্য পেয়ে কী ব্যবস্থা নিয়েছিলেন, অন্য কোনো সংস্থাকে জানিয়েছিলেন কি না, এসব বিষয় যাচাই না করে একজন কর্মকর্তার ওপর পুরো ঘটনার দায় চাপানো যুক্তিসংগত হবে না। বরং তদন্তে বের করা দরকার, সভার আগে কোনো গোয়েন্দা তথ্য ছিল কি না। থাকলে তা কোন দপ্তরে পৌঁছেছিল? স্থানীয় থানা কেন জানতে পারেনি? জেলা পর্যায়ে কোনো সতর্কতা ছিল কি? রিসোর্টে ১৭৫ জনের উপস্থিতি এবং রাজনৈতিক ব্যানার ব্যবহারের বিষয়টি আয়োজন চলাকালে কারও নজরে এসেছিল কি না? এসব প্রশ্নের উত্তরই প্রশাসনিক দায় নির্ধারণে সহায়ক হবে।

আয়োজক, রিসোর্ট কর্তৃপক্ষ ও সহযোগীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ:

এ ঘটনায় শুধু পুলিশকে ঘিরে প্রশ্ন তুললে তদন্তের একটি বড় অংশ বাদ পড়ে যেতে পারে। কে রিসোর্ট বুক করেছিলেন, বুকিংয়ের সময় কী পরিচয় দেওয়া হয়েছিল, কারা টাকা পরিশোধ করেছেন, কারা লোকজনকে সংগঠিত করেছেন এবং রনজিত সরকারের উপস্থিতি কীভাবে নিশ্চিত করা হয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল।

বিএনপি সভাপতির বাড়ির পাশে সভা, যুবদল আহ্বায়কের বাড়িও একই এলাকায়:

রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টের অবস্থান ও মালিকানা ঘিরেও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। স্থানীয় সূত্র এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, রিসোর্টটি গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদের বাড়ির কয়েকশ গজের মধ্যে অবস্থিত। রিসোর্টটির স্বত্বাধিকারী সোহেল আহমদ তাঁর চাচাতো ভাই। মাহবুব আহমদ নিজেও সংবাদমাধ্যমের কাছে এ সম্পর্কের কথা স্বীকার করেছেন। তবে রিসোর্টের ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি। একই এলাকার কাছাকাছি উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজাহান সিদ্দিকের বাড়িও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে, স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রোকনের নেতৃত্বে রিসোর্টটি বুকিং নেওয়া হয়েছিল এবং তাঁরাই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন। প্রকাশিত সংবাদে অ্যাডভোকেট রোকনের মাধ্যমে রিসোর্ট বুকিংয়ের তথ্যও এসেছে। 

এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। উপজেলা বিএনপির সভাপতি ও যুবদলের আহ্বায়কের বাড়ির এত কাছাকাছি এলাকায় রনজিত সরকার এসে বক্তব্য দিয়ে চলে গেলেন, অথচ স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব বা সংশ্লিষ্ট কেউ বিষয়টি আগে জানতে পারেননি, নাকি জানলেও কোনো পদক্ষেপ নেননি? 

প্যান্ডেল নির্মাণে বিএনপি নেতার ডেকোরেটার্স:

রাতারগুলের সভা আয়োজনের প্রস্তুতিতেও উঠে এসেছে স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি। সভার প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জার কাজ করেছে গোয়াইনঘাটের চৌমুহনী বাজারের তারেক ডেকোরেটার্স। প্রতিষ্ঠানটির মালিক নিজাম উদ্দিন ফতেহপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। 

তিনি জানান, রিসোর্টের মালিক সোহেল শিক্ষা সফরের কথা বলে তাঁর প্রতিষ্ঠান থেকে ডেকোরেটার্স ভাড়া করেন। তবে সেখানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার আসবেন কিংবা রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলে দাবি করেন তিনি। নিজাম উদ্দিনের বক্তব্য অনুযায়ী, শিক্ষা সফরের আয়োজন মনে করেই তাঁরা প্যান্ডেল নির্মাণসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন।

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে তারা এসে সভাটি করেছে বলে আমরা তথ্য পেয়েছি। এ বিষয়ে সঠিক তথ্য উদঘাটন এবং আইনগত পদক্ষেপ নিতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় রিসোর্টের দুই কর্মচারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। সভায় উপস্থিত থাকা বাকি ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 

ঘটনার পর থেকে সোহেল স্কয়ার রিসোর্টের মালিক সহ সবাই পলাতক রয়েছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় সেখানে দুজন গ্রাম পুলিশ সদস্য রিসোর্ট টি দেখভাল করছেন।  জানা গেছে, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রিসোর্টের মালিক সোহেল আত্মগোপনে চলে গেছেন। এলাকার মানুষের মধ্যে এনিয়ে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। কেউই সাংবাদিকদের সাথে কথা বলতে আগ্রহী নয়, বরং এড়িয়ে চলার চেষ্টা করেন