ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির
ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে জামায়াতে ইসলামীও শতভাগ একমত বলে জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।
আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে জলবায়ু ক্ষতিপূরণে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের যে ইতিবাচক আহ্বান জানিয়েছেন, জামায়াতে ইসলামী তার সঙ্গে শতভাগ একমত। তাঁরাও বিশ্বাস করেন, ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন নয়; বরং ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জাতীয় চেতনাকে সমুন্নত রাখাই সবার প্রধান দায়িত্ব।
আরও পড়ুন: স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশের খবরদারি মেনে নিয়ে নয়, বরং স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশকে আত্মমর্যাদার সঙ্গে গড়ে তুলতে হবে। এ জন্য সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন।
অতীতে জামায়াতে ইসলামী কোনো ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের সঙ্গে আপস করেনি উল্লেখ করে দলটির আমির বলেন, পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে আগ্রাসন প্রতিহত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যই একমাত্র রক্ষাকবচ বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষভাগে ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, সংসদে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে এবং গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।





