কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৬ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে মোবারক হোসেন নামে এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের এপিপি আবদুল মোতালেব মজুমদার।

আরও পড়ুন: আত্মসমর্পণের পর জামিন পেলেন পরিমণি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। ঝাড়ফুঁক ও কবিরাজির পাশাপাশি তিনি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া সেই তরুণী আবারও রিমান্ডে

ঘটনার দিনই অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে মোবারক জানান, ঝাড়ফুঁকের মাধ্যমে সুমাইয়ার পরিবারের সঙ্গে তার পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।

স্বীকারোক্তিতে তিনি আরও উল্লেখ করেন, সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় ধর্ষণের চেষ্টা করেন তিনি। বিষয়টি তার মা তাহমিনা বেগম দেখে ফেললে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে সুমাইয়াকেও হত্যা করেন মোবারক।