সাভারের গেন্ডা ও বলিয়ারপুরে পৃথক স্থানে দুই বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে গেন্ডা ও সোমবার (৯ নভেম্বর) ভোরে বলিয়ারপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
সোমবার সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঘটনাগুলোর তথ্য নিশ্চিত করেন ।
আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন
ফায়ার সার্ভিস সূত্রের তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার
স্থানীয়রা জানান, গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। সে সময় একটি বাসের ভেতর সাভার পরিবহনের এক চালক ঘুমাচ্ছিলেন। বাসে আগুন লাগার বিষয়টি টের পেয়েই তিনি দ্রুত নেমে পড়েন এবং প্রাণে রক্ষা পান।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি বাস দুটিতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।





