আবু লালের পর এবার শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা গ্রেপ্তার
নরসিংদী শহরের শিল্পাঞ্চল খ্যাত চৌয়ালা এলাকার চিহ্নিত ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবু লাল গ্রুপের প্রধান আবু লালকে গ্রেফতারের ৪৮ ঘন্টার মাথায় আরেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রুপের প্রধান সনেট মোল্লা (৩৮) ওরফে সনেট ও তার সহযোগী রাকিব মিয়াকে (২৮) অস্ত্রসহ গ্রেফতার করেছেন পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এসময় তার কাছ থেকে ৭ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন সহ ১টি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলেও নিশ্চিত করেন তিনি। সে শহরের সাটিরপাড়া (বকুলতলা) এলাকার মৃত বাদল মোল্লার ছেলে। আর অপরজন হলেন সনেটের শ্যালক রাকিব মিয়া (২৮), সে শালিধা কোনাপাড়া এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন
পুলিশ সূত্রে জানা যায়, চৌয়ালা-শালিধা শিল্পাঞ্চল খ্যাত এলাকায় চাঁদাবাজি, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল গ্রুপ ও সনেট গ্রুপের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে তাদের মধ্যে প্রায় সময়ই সংঘর্ষ ও গোলাগুলির মত ঘটনাও ঘটে। এর আগেও বেশ কয়েকবার তারা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। তারপর তারা জামিনে মুক্ত হয়ে এলাকার আধিপত্য নিতে বেশ কয়েকবার মুখোমুখি অবস্থান নেয়। এরই জের ধরে গত ২২ জুলাই এবং ২ অক্টোবর পৃথক দুটি গোলগুলির ঘটনায় শিশুসহ শহিদুল্লাহ ওরফে বাবু নামে দু'জন গুলিবিদ্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ গত ৩০ অক্টোবর সন্ধ্যায় চৌয়ালার তালতলা এলাকায় দু'পক্ষের গোলাগুলিতে আবু লাল গ্রুপের সদস্য ওই এলাকার বাসিন্দা আব্দুল বারেকের ছেলে বিল্লাল হোসেন (৩৮) ওরফে মিশরী বিল্লাল ও ঘোষপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে ইয়াসিন মিয়া (৩৫) গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। এসব ঘটনায় আবু লাল এবং সনেট ও তার শ্যালক রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে নরসিংদীর আলোচিত দুই সন্ত্রাসী গ্রুপের প্রধান আবু লাল ও সনেট মোল্লা ওরফে সনেট হত্যা, অস্ত্র, মাদক ও অপহরণসহ একাধিক মামলার আসামী। এ ঘটনার পর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের দিকনির্দেশনায় গত ৬ নভেম্বর (শুক্রবার) হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে প্রথমে শীর্ষ সন্ত্রাসী আবু লাল গ্রুপের প্রধান আবু লালকে (৪০) আট রাউন্ড তাজা গুলি ভর্তি ম্যাগজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার সহ গ্রেফতার করা হয়। এরপর ৮ নভেম্বর (রবিবার) গোয়েন্দা পুলিশ ডিবি'র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বান্টি বাজার এলাকা হতে সনেট গ্রুপের প্রধান সনেট মোল্লা (৩৮) ওরফে সনেটকে তার সহযোগী রাকিবকে সহ গ্রেফতার করতে সক্ষম হন। এসময় তার কাছ থেকে ৭ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন সহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সনেটের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি, অপহরণ সহ ২৭টি এবং তার সহযোগী রাকিবের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে এবং বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় এবং জনগণের জানমালের নিরাপত্তায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে "শূন্য সহনশীলতা" নীতিতে অবিচল এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও তিনি জানান।
এদিকে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় বাসিন্দারা। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা সাধারণ মানুষের মনে স্বস্তির পাশাপাশি পুরোপুরি আস্থা ফিরে পেয়েছেন বলে মনে করেন।





