ফরিদপুরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, আহত অন্তত ৫০

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১৫ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে মধুখালী মরিচবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাসের যাত্রী, চালক ও সহকারী রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রীসহ অন্তত ৫০ জন আহত হন।

আরও পড়ুন: গাজীপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে তাঁর একটি পা কেটে তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ