শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানী অভিনেত্রী

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫২ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ বাংলাবাজার কোলাজ
ছবিঃ বাংলাবাজার কোলাজ

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে সিনেমাটিতে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। এবার সেই জল্পনায় নতুন তথ্য সামনে এসেছে। শাকিবের নায়িকা হিসেবে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীর নাম শোনা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ‘মহব্বত’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয়ের জন্য কিনজা হাশমীকে চূড়ান্ত করা হয়েছে। এমনকি তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে সিনেমাটির পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: হাওয়া’র পর আবারও একসাথে জুটি চঞ্চল-তুষীর, সঙ্গী সিয়াম

গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসে। এরপর থেকেই শাকিবের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে নানা নাম আলোচনায় উঠে আসে। সম্ভাব্য নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নামও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত কিনজা হাশমীকে বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

কিনজা হাশমী

আরও পড়ুন: ‘Dear 90’s’ নিয়ে ফিরছেন কোয়েল মল্লিক

নায়িকার নাম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাকে দর্শকদের সামনে বিশেষ আয়োজনে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। এ কারণেই সিনেমাটির প্রথম পোস্টারে শাকিবের সঙ্গে এক নারীর হাত দেখা গেলেও তার মুখ প্রকাশ করা হয়নি। লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা ওই নারীর পরিচয় নিয়ে তৈরি হয়েছে রহস্য।

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয়ের পর দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে। ছোট পর্দার পাশাপাশি ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন কিনজা। মডেলিংয়েও রয়েছে তার পরিচিতি।

শাকিবের বিপরীতে বিদেশি অভিনেত্রীর অভিনয় অবশ্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে কলকাতার শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, দর্শনা বণিক ও মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। বলিউড অভিনেত্রী সৌনাল চৌহানের সঙ্গেও পর্দা ভাগ করেছেন এই ঢালিউড তারকা।

পরিচালক হিমেল আশরাফের সঙ্গে শাকিবের আগের দুই সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এও বিদেশি অভিনেত্রী ছিলেন। ‘প্রিয়তমা’য় কলকাতার ইধিকা পাল এবং ‘রাজকুমার’-এ যুক্তরাষ্ট্রের মডেল কোর্টনি কফি অভিনয় করেন। এবার ‘মহব্বত’-এ পাকিস্তানের অভিনেত্রীকে যুক্ত করার খবর সামনে আসায় সেই ধারাবাহিকতা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’-এর শুটিং শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।