ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৩৬ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: রোবোটিক সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ শেষে অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলামকে সনদপত্র হস্তান্তর
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে ৮৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন চারজন।
এ নিয়ে ঢাকা বিভাগে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮৪ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২১২ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন দুজন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৪৭ জনে এবং মৃত্যুর সংখ্যা ৮২ জনে।
অন্যদিকে, চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বিভাগে চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নতুন করে ১৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫২ জন এবং মৃত্যুর সংখ্যা ২৯ জন।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮০ জনে। এ পর্যন্ত মারা গেছেন আটজন।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭১২ জন এবং মারা গেছেন ৩০ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগটিতে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১২ জনে। এ পর্যন্ত মারা গেছেন চারজন।





