ভেতরে ছাত্রলীগ নেতার লাশ, বাইরে তালা-উধাও সেই তরুণী
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষের ভেতর থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের বাইরে তালা ঝুলছিল, আর খাটের ওপর পড়ে ছিল শাহীন হোসেন (৩২)-এর নিথর দেহ। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যার পর বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নতুন রহস্য তৈরি হয়েছে ওই বাসায় তার সঙ্গে থাকা এক তরুণীকে ঘিরে।
হত্যাকাণ্ডের পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: মিরপুর-আশুলিয়া-সাভার-গাজীপুরে সড়ক অবরোধ, সংঘর্ষ
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে শাহীনের লাশ উদ্ধার করা হয়। তিনি রাজাবাড়ী ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজাবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই আজাহার হোসেন জানান, প্রায় পাঁচ মাস আগে শাহীন বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর পরিবারের কারও সঙ্গে তার যোগাযোগ ছিল না।
আরও পড়ুন: সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালীউল্লাহ গ্রেপ্তার
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহীনের বন্ধু আলমগীর হোসেন ফোন করে তাকে হত্যার খবর দেন। খবর পেয়ে ওই বাসায় গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
আজাহার হোসেনের দাবি, শাহীনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত জিআই তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তার ধারণা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে।
ওসি আরও জানান, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহীন ওই বাসায় এক তরুণীর সঙ্গে থাকতেন। তবে ঘটনার পর থেকে ওই তরুণীকে পাওয়া যাচ্ছে না। তার অবস্থান ও হত্যাকাণ্ডের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের বিষয়।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





