আবুধাবিতে শান্তি আলোচনা
ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬, ধ্বংসস্তূপে নিখোঁজ ২৭
ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি মানবিক সহায়তা কেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। হামলার পর ধ্বংসস্তূপের নিচে আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে।
জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামের একটি স্কুল ভবনে এ হামলা হয়। সম্মুখসারির কাছাকাছি অবস্থানের কারণে স্কুলটি শিক্ষার্থীদের জন্য বন্ধ ছিল। তবে ভবনটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি প্রতি সোমবার স্থানীয় বাসিন্দাদের মধ্যে মানবিক সহায়তা বিতরণের কেন্দ্র হিসেবে কাজ করত।
আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে জনমতে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী, ট্রাম্পের দল চাপে?
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মানুষ সহায়তা নিতে সেখানে জড়ো হওয়ার সময় প্রথম দফায় কয়েকটি বিমান থেকে বোমা ফেলা হয়। পরে আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে দ্বিতীয় দফায় আরও বোমা হামলা চালানো হয়। তাঁর দাবি, গ্রামটিতে প্রতি সপ্তাহে সহায়তা নিতে মানুষের সমাগমের বিষয়টি রাশিয়ার অজানা থাকার কথা নয়।
ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে উদ্ধারকর্মী দলের দুই সদস্য ও চার পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাঁদের মধ্যে দুইজন উদ্ধারকর্মী। জাপোরিঝঝিয়া সিটি কাউন্সিলের সচিব রেজিনা খারচেঙ্কো জানিয়েছেন, হামলার পর ২৭ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে পুলিশ ও উদ্ধারকর্মীরা কাজ করছেন।
আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাত
নতুন বড় হামলার আশঙ্কা
হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে উত্তেজনা কমানোর কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রুশ-অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকিতে একটি মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছিল। এরপরও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার সুযোগ থাকলেও রাশিয়া তা কাজে লাগায়নি বলে তাঁর দাবি।
এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জেলেনস্কি জানিয়েছেন, দেশটির জ্বালানি ও সরবরাহব্যবস্থার ওপর নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়কে কেন্দ্র করে এ হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের দৃষ্টি অন্যদিকে থাকার সুযোগ নিতে পারে মস্কো। এ পরিস্থিতিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা যেন আন্তর্জাতিক মনোযোগের বাইরে না থাকে, সে বিষয়েও সতর্ক করেন তিনি। যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
আবুধাবিতে নতুন শান্তি আলোচনা
এ হামলার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, আগামী ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, উত্তেজনা প্রশমন, মানবিক উদ্যোগ এবং যুদ্ধের অবসান নিয়ে বৈঠকে আলোচনা হবে।
গত ২১ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উইটকফের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন দফার ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি দেন বলে জানা গেছে। শীত মৌসুম শুরুর আগে যুদ্ধ বন্ধে অগ্রগতি অর্জনের চেষ্টা করছেন মার্কিন আলোচকেরা। চলমান যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশ করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ আলোচনা হয়েছিল ফেব্রুয়ারিতে। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
এদিকে রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পুনরায় স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনার বিরোধিতা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। সোমবারের হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাশিয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক প্রত্যাবর্তনের পরিবর্তে নিন্দা, বিচ্ছিন্নতা ও পরিণতি হওয়া উচিত।
ইউক্রেনের আরও কয়েকটি এলাকায় হামলা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন। এতে একটি হিমাগার, গ্রিনহাউস ও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে।
কৃষ্ণসাগর উপকূলের বন্দরনগরী ওদেসায় একটি গুদামে হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েকটি বাড়িও।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ২১২টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভও জানিয়েছেন, সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি হামলা প্রতিহত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।
সূত্র: আলজাজিরা





