কালিয়াকৈরে মাদক সেবনের টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ছেলের লাঠির আঘাতে লভলাল চক্রবর্তী নামে এক বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অর্ণব চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িত। এর আগে তাঁকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি প্রায়ই তাঁর বাবাকে মারধর করতেন।
আরও পড়ুন: কোনাবাড়িতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ইউনিট
এরই ধারাবাহিকতায় গত রাতে মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান অর্ণব। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: নির্বাচিত হলে ইলিশাকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব: কামাল সিকদার
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





