শাজাহানপুরে ডেমাজানী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুই গুণীজন—সিনিয়র শিক্ষক অমল কুমার সাহা ও কর্মচারী মনছুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি এবং শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ অস্ত্র মাদক ও টাকা উদ্ধার
অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবিতে স্লোগান দেন। পরবর্তীতে বক্তারাও প্রধান অতিথির নিকট বিদ্যালয়টি জাতীয়করণের এই যৌক্তিক দাবিটি তুলে ধরেন।
আলোচনা পর্বে বক্তারা নতুন এই ভবন নির্মাণকে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেন। পাশাপাশি, সদ্য অবসরে যাওয়া শিক্ষক অমল কুমার সাহা ও কর্মচারী মনছুর রহমানের দীর্ঘ কর্মজীবনের আত্মত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।





