জন্মদিনে প্রিয় মানুষের অভাব বোধ করছেন পরীমনি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৫৩ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই একসময় ঢালিউডে ছিল জমকালো আয়োজন। পাঁচ তারকা হোটেলে কেক কাটা, তারকাদের উপস্থিতি আর নাচ-গানে মুখর থাকত উদযাপন। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই আয়োজন। এখন দুই সন্তানকে নিয়ে ছোট পরিসরে জন্মদিন উদযাপন করেন তিনি। আজ ২৪ অক্টোবর পরীমনির ৩৪তম জন্মদিন। শুক্রবার দিবাগত রাতে দুই সন্তানকে নিয়ে কেক কাটেন এই অভিনেত্রী। তবে আনন্দের মুহূর্তেও মনে পড়েছে প্রয়াত নানা শামসুল হক গাজীকে। তিনি বলেন, ‘নানা বেঁচে থাকতে আমাকে ঘুম থেকে তুলে কেক কাটতেন। এখন তো আমার সেই মানুষটা নেই। মনে পড়লে কান্না পায়।’

১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্ম পরীমনির। তার পুরো নাম শামসুন্নাহার স্মৃতি। মাকে হারানোর পর পিরোজপুরে নানার কাছে বড় হন তিনি। ২০২৩ সালে নানাকে হারানোর পর জন্মদিনের আয়োজনেও এসেছে পরিবর্তন।

আরও পড়ুন: সাইফকে ‘দ্য কুলেস্ট হাজবেন্ড’ বললেন কারিনা, জবাবে কী বললেন অভিনেতা?

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। ‘স্বপ্নজাল’, ‘অন্তর জ্বালা’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’ ও ‘মা’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজ এবং কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়ও কাজ করেছেন।

ব্যক্তিজীবনের নানা ঘটনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার কারণে প্রায়ই আলোচনায় থাকেন পরীমনি। তবে অভিনয়জীবনে আরও ধারাবাহিক সাফল্য অর্জন এখন তার সামনে বড় চ্যালেঞ্জ। শোনা যাচ্ছে, নতুন একটি সিনেমায় ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে দেখা যেতে পারে তাকে।

আরও পড়ুন: রোমান্স, রহস্য আর প্রতিশোধের গল্পে আসছে নতুন ৫ কে-ড্রামা