ইনানী রিসোর্টে আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু, আহত ১৫

Any Akter
হাবিবুর রহমান সোহেল,কক্সবাজার
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পর্যটন এলাকা কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তারা হলেন, ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭)। অন্য দুজন হলেন চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছর বয়সি ফায়িজান আহম্মেদ। ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী  নাসরিন আক্তার মুক্তা (২৯)।  

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে একই পরিবারের একাধিক লোক রয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত, আহত ৫

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাতটার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। কাঠের তৈরি তিনতলা রিসোর্টটি দ্রুত পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ চালিয়ে হতাহতদের সন্ধান পান উদ্ধারকর্মীরা।

টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো. সুমন বলেছেন, রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু এর মধ্যে রিসোর্টের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল সাতটার দিকে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভানো ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও এসআরবি’র সদস্যরা অংশ নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট নয়টি কক্ষ ছিল। কক্সবাজার শহরের কলাতলী থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে রিসোর্টটির অবস্থান। অগ্নিকাণ্ডে পুরো স্থাপনা পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগুনের সূত্রপাত, প্রাণহানির কারণ এবং রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখবে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সম্ভাব্য দায় নির্ধারণ করা হবে।

মৃত্যুর তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বলেছেন, প্রথম দফায় ৬ জনের মরদেহ এবং পরবর্তী অনুসন্ধানে টয়লেটে আশ্রয় নেয়া আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রিসোর্টে অনুসন্ধান কাজ এখনো চলমান আছে। কক্সবাজারের পুলিশ সুপার আ,ন,ম,সাজেদুর রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনায় পুলিশ উদ্ধার তৎপরতায় কাজ করছেন। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।