দুর্গাপুরে পুকুরে পরিত্যক্ত ব্যাগে মিলল প্রায় ৬ লাখ টাকার ভারতীয় ফেয়ারডিল
নেত্রকোণার দুর্গাপুরে পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা এসব ফেয়ারডিলের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। সোমবার (১২ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রসূল সায়েদী আজাদের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল মেনকিফান্দা এলাকায় জনৈক ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার থেকে
পুলিশ জানায়, রাত্রীকালীন বিশেষ অভিযান এবং মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে এসব ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বোতলগুলো জব্দ তালিকাভুক্ত করে থানায় নেওয়া হয়। জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার হাফিজুল ইসলাম সোমবার দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৬১৭, তারিখ ১২ অক্টোবর ২০২৬।





