মানুষের শহরমুখী চাপ কমাতে পরিকল্পিত নগরায়নে সরকারের উদ্যোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৩৮ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শহরকেন্দ্রিক মানুষের চাপ কমাতে সরকার পরিকল্পিত নগরায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

তারেক রহমান বলেন, দেশের পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে সব জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে শহরগুলোর উন্নয়ন আরও পরিকল্পিতভাবে করা হবে এবং মানুষের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

তিনি বলেন, এসব উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-১১) লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।