আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন
দেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হলে সরকার ও বিরোধী দলের কেউই রক্ষা পাবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছে, দলীয় কার্যালয়েও অগ্নিসংযোগ করেছে। কিন্তু জামায়াতের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই। জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর কিংবা কার্যালয়ে হামলার ঘটনাও ঘটছে না।
তিনি বলেন, এ কারণে তারা কোনো সন্দেহ করছেন না, তবে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াতকে কোনো বক্তব্য দিতে দেখা যাচ্ছে না কেন, তা নিয়ে মানুষ প্রশ্ন তুলছে। তলে তলে কোনো আপস হয়েছে—এমন অভিযোগ তারা করছেন না; বরং রাজপথে এর প্রমাণ দেখতে চান।
আরও পড়ুন: গাজীপুরে নাশকতার আশঙ্কায় ৮০ জন গ্রেপ্তার, পেট্রোলসহ আটক আওয়ামী লীগ নেতা
রাশেদ খাঁন বলেন, জামায়াত ও এনসিপির প্রতি আহ্বান থাকবে, কোনো শর্ত ছাড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামার। দেশে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হলে কেউ রক্ষা পাবেন না।
তিনি বলেন, বিরোধী দল যদি মনে করে, এমন পরিস্থিতিতে শুধু সরকারি দল বিপদে পড়বে, তাহলে তারা ভুল ভাবছে। সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। অথচ আওয়ামী লীগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে এবং সমন্বয়ক হাসিবকে রামদা দিয়ে কোপানোর চেষ্টা করেছে।
সরকারি দল কিংবা বিরোধী দল—কেউই আওয়ামী লীগের হাতে নিরাপদ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শীর্ষ নেতাদের বিষয়টি বুঝতে হবে এবং বসে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি জামায়াত ও এনসিপিকে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে বলেন, রাজপথে নামলে তাদের কেউ জেল-জুলুমের শিকার হবেন না—এ নিশ্চয়তা তিনি দিচ্ছেন। তারা সবাই ভাই এবং একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন। প্রয়োজনে আবারও আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে তাদের প্রতিহত করতে হবে।





