ভারত ও আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল সম্ভব নয়: জ্বালানিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫১ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতসহ বিভিন্ন দেশ এবং দেশি-বিদেশি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, এসব চুক্তিতে রাষ্ট্রীয় নিশ্চয়তা বা সভরেন গ্যারান্টি দেওয়া হয়েছে। তবে বিদ্যুতের দাম কমাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও দর-কষাকষি চলছে।

শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুক্তি বাতিলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যেসব বিদ্যুৎ চুক্তি রয়েছে, সেগুলো রাষ্ট্রীয় নিশ্চয়তার ভিত্তিতে করা হয়েছে। সভরেন গ্যারান্টি একটি ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট, যার ওপর নির্ভর করে সংশ্লিষ্ট কোম্পানিগুলো বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে। কোনো দেশ সভরেন গ্যারান্টি দেওয়ার পর চুক্তির শর্ত নিয়ে দর-কষাকষি করতে পারে, তবে একতরফাভাবে চুক্তি বা গ্যারান্টি বাতিল করতে পারে না।

তিনি আরও বলেন, এসব চুক্তি বা গ্যারান্টি বাতিল করা হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রেডিট রেটিং কমে যেতে পারে। এতে বহির্বিশ্বে দেশের প্রতি আস্থার সংকট তৈরি হবে।

আরও পড়ুন: পায়ুপথে চারটি সোনার ডিম, অন্তর্বাসে সোনার পেস্টসহ আটক ১

বিদ্যুৎ সরবরাহ ও দাম কমানোর উদ্যোগ সম্পর্কে ইকবাল হাসান মাহমুদ বলেন, ভারতের সঙ্গে ইতোমধ্যে একটি প্রতিনিধি দল আলোচনা করেছে। ত্রিপুরা থেকে আমদানি করা বিদ্যুৎসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা চলছে।

দেশে বিদ্যুতের ঘাটতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহে নেতিবাচক প্রভাব পড়লে জনভোগান্তি ও জনরোষ তৈরি হতে পারে। তাই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কীভাবে দাম কমানো যায়, সরকার সে চেষ্টা করছে।

দেশীয় বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (আইপিপি) চুক্তি পর্যালোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কয়লা ও গ্যাসভিত্তিক দেশীয় বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্ষেত্রেও রাষ্ট্রীয় নিশ্চয়তা দেওয়া রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গেও সরকার আলোচনা করে বিদ্যুতের দাম কমানোর চেষ্টা করছে।

তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে কয়লাবাহী জাহাজের পরিবহন ব্যয় এবং অন্যান্য জ্বালানির দাম বেড়েছে। এ কারণে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম কমানোর পরিবর্তে উল্টো বাড়ানোর দাবি জানাচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকার বিদ্যুতের দাম কমানোর বিষয়ে আরও কার্যকরভাবে দর-কষাকষি করতে পারত।