আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৮ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু হচ্ছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে।

সংক্ষিপ্ত এই অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন এবং সেগুলো নিয়ে আলোচনার পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও গণভোটের রায় কার্যকরের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলা, আটক ১৫ জন

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলতে পারে। সরকারি ছুটি বাদে মোট আট কার্যদিবস অধিবেশন পরিচালনার পরিকল্পনা রয়েছে।

রোববার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন: লাগাতার ককটেল বিস্ফোরণে জননিরাপত্তায় আতঙ্ক

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংসদের জ্যেষ্ঠ সদস্য ও হুইপরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পিকার অধিবেশনের সময় ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীকে প্রশ্ন করার জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। অধিবেশনে সরকারি বিল উত্থাপন, প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে সাধারণ আলোচনার মতো নিয়মিত কার্যক্রমও থাকবে।

তবে এবারের অধিবেশনে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের পদ্ধতি। এসব বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো বিল উত্থাপনের পরিকল্পনা নেই।

এদিকে সংসদ অধিবেশন নির্বিঘ্নে পরিচালনার জন্য জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এর আগে গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছিল।