হরিরামপুরে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩
মানিকগঞ্জের হরিরামপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ময়না বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত চঞ্চল মণ্ডল, তাঁর স্ত্রী জাহেরা বেগম ও মা হালিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ময়না বেগমের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে তাঁর ঘরের পেছনে অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে বাঁশ দিয়ে তাঁর বুকে আঘাত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে অভিযুক্ত চঞ্চল মণ্ডল, তাঁর স্ত্রী জাহেরা বেগম ও মা হালিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম (৪৫) বাদী হয়ে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সোমবার (৯ নভেম্বর) দায়ের করা মামলাটির নম্বর ০২। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।





