ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট, ট্রাক উল্টে ছড়াল মালামাল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:০৭ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে মালামাল ছড়িয়ে পড়ায় প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চট্টগ্রামমুখী লেনে আটকে পড়েছেন শত শত যানবাহনের যাত্রী ও চালক। ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে তাদের। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে যানজট শুরু হয়। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত যানজটের তীব্রতা ছিল।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নয়াবাড়ী থেকে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। মাঝেমধ্যে কিছু যানবাহন এগোলেও আবার দীর্ঘ সময় থেমে থাকতে হচ্ছে।

আরও পড়ুন: সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম সীমিত, প্রভাবিত ১৭৪ ফ্লাইটের ২৩ হাজারের বেশি যাত্রী

যানজটে আটকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। যাত্রী মো. শাহাদাত বলেন, ‘মাত্র কয়েক মিনিটের পথ পার হতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে। অফিস টাইমে আমাদের দুর্ভাগ্য, এমন ভোগান্তি পোহাতে হচ্ছে।’

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, মধ্যরাতে ঘুমের ঘোরে একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডিভাইডারের ওপর তুলে দেন। এতে ট্রাকের মালামাল সড়কজুড়ে ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

আরও পড়ুন: ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু সোমবার, সর্বোচ্চ ৫টির অনুমতি

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। ইতোমধ্যে সার্ভিস লেন চালু করা হয়েছে। দ্রুত যানজট নিরসন করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ওসি।