বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা করলেন এমপি নুসরাত
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেত্রী। পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে মামলাটি করা হয়েছে।
আরও পড়ুন: খাদ্য সংকটের ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে।
আরও পড়ুন: প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী
অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
এদিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যের বাড়িতে আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।





