শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানার ক্ষতি ৫ হাজার ১৩৬ কোটি টাকা: বিজিএমইএ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১২ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের কারণে ৩১৭টি কারখানার সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ১৩৬ কোটি টাকা (৪২৮ মিলিয়ন মার্কিন ডলার)। একই সময়ে বাংলাদেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়েছে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকার (২৫৪ মিলিয়ন মার্কিন ডলার) ক্রয়াদেশ।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আরও পড়ুন: রাজনৈতিক ব্যক্তিদের পরিচালক হওয়ার পথে আসছে নিষেধাজ্ঞা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত অক্টোবর থেকে পোশাকশ্রমিকরা আন্দোলনে নামলেও চলতি মাসের শুরু থেকে শ্রম অসন্তোষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মূলত চলতি মাসের শুরু থেকে সৃষ্ট পরিস্থিতিতে কারখানাগুলোর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে সংগঠনটি।

বিজিএমইএ জানায়, ক্ষতির পরিমাণ নিরূপণে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের অস্থিতিশীল পরিস্থিতি ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, তা জানতে সদস্য কারখানাগুলোকে চিঠি দেওয়া হয়। রোববার পর্যন্ত ৩১৭টি কারখানার কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ হিসাব তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

সংগঠনটি আরও জানায়, সরাসরি আর্থিক ক্ষতির বাইরেও সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন ঝুঁকির মুখে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে সরাসরি ক্রয়াদেশ বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এসব অতিরিক্ত ক্ষতি বর্তমান হিসাবের অন্তর্ভুক্ত নয়।

বিজিএমইএর দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি। জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাব অনুযায়ী, প্রকৃত ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের এই জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা।

এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত হলেও শিল্পাঞ্চলগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে জানিয়েছে বিজিএমইএ।