পর্দায় ফিরছেন চুলবুল পাণ্ডে
বলিউড অভিনেতা সালমান খানের জনপ্রিয় সিনেমা ‘দাবাং’-এর চতুর্থ কিস্তি নিয়ে সুখবর মিলেছে। পর্দায় আবারও পুলিশ কর্মকর্তা চুলবুল পাণ্ডে হয়ে ফিরতে যাচ্ছেন তিনি। তবে একই সঙ্গে ভক্তদের জন্য রয়েছে হতাশার খবরও। কারণ, বহুল আলোচিত ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নির্মাণের বিষয়ে খুব একটা আশাবাদী নন অভিনেতা। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের আগামী সিনেমা ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে এ বিষয়ে মুখ খোলেন তিনি।
অনুষ্ঠানে সালমানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়েও আলোচনা হয়। সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে অভিনেতা বলেন, কোনো নির্মাতাই চান না তাঁর সিনেমা বক্স অফিসে ব্যর্থ হোক। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন এবং উপভোগ করবেন, এমনটাই প্রত্যাশা তাঁর।
আরও পড়ুন: তিন বছরের বিরতি ভেঙে একসঙ্গে জোভান-ফারিণ
এ সময় নতুন সিনেমাটির সঙ্গে নিজের আরেক জনপ্রিয় চলচ্চিত্র ‘বজরঙ্গি ভাইজান’-এর বিষয়বস্তুর মিল তুলে ধরেন সালমান। তাঁর ভাষ্য অনুযায়ী, সীমান্তে ঘটে যাওয়া একটি ঘটনা এবং সেটির প্রভাব দুই দেশের পরিবারের জীবনে কীভাবে পড়েছিল, তা নিয়েই তৈরি হয়েছে নতুন ছবিটি।
তবে ভক্তদের আগ্রহের কেন্দ্রে ছিল পুরোনো সিনেমাগুলোর সিক্যুয়েল প্রসঙ্গ। বিশেষ করে ‘দাবাং’ ও ‘বজরঙ্গি ভাইজান’-এর পরবর্তী কিস্তি নিয়ে প্রশ্ন করা হলে সালমান জানান, তিনি নতুন ধরনের কাজ করতে আগ্রহী। তবে ‘দাবাং’ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সিনেমাটির চতুর্থ পর্ব তৈরি হবে বলেই জানিয়েছেন তিনি। অভিনেতার কথায়, এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ তাঁদের নিজেদের হাতেই রয়েছে। এর আগে সালমান ও তাঁর ভাই আরবাজ খান জানিয়েছিলেন, চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পরই ‘দাবাং ৪’-এর কাজ এগিয়ে নেওয়া হবে
আরও পড়ুন: বাচসাসের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন যাঁরা
অন্যদিকে ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে খুব একটা আশার কথা শোনাননি অভিনেতা। তাঁর মতে, প্রথম সিনেমাটি দর্শকের মনে যে আবেগ ও ভালোবাসার জায়গা তৈরি করেছে, সেটিকে ছাড়িয়ে যাওয়া সহজ নয়। এমন কোনো সিক্যুয়েল বানাতে চান না, যেটি দেখার পর দর্শকের মনে হবে প্রথম সিনেমাটিই বরং ভালো ছিল। তাই গল্পে যথেষ্ট নতুনত্ব ও মান নিশ্চিত না করে দ্বিতীয় কিস্তি নির্মাণে আগ্রহী নন তিনি।
উল্লেখ্য যে, ২০১৫ সালে মুক্তি পায় কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’। সিনেমাটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেন কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও হর্ষালি মালহোত্রা। পাকিস্তানের এক ছোট্ট শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মানবিক গল্পটি দর্শকদের ব্যাপক প্রশংসা পায়। মুক্তির পর বক্স অফিসেও বড় সাফল্য অর্জন করে ছবিটি।





