বাচসাসের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন যাঁরা
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল। শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৫৭ ভোটের ব্যবধানে এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তারা। নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন কামরুল হাসান দর্পণ ও কাজী ফারুক বাবুল। তাঁদের মধ্যে ২৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আবদুর রহমান। কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল পেয়েছেন ২৪৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর পেয়েছেন ১৫৪ ভোট। এ পদে অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।
নির্বাচনে সহসভাপতি হয়েছেন রিমন মাহমুদ ও হামিদ মোহাম্মদ জসিম। সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ। এ ছাড়া অর্থ সম্পাদক হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক আনিসুল হক রাসেল এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল।
আরও পড়ুন: তিন বছরের বিরতি ভেঙে একসঙ্গে জোভান-ফারিণ
সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা। প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক হয়েছেন মহিব আল হাসান।কার্যনির্বাহী সদস্যের নয়টি পদে এসেছে নতুন মুখ। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন শফিকুল আলম মিলন। তাঁর ভোট ২৬৮। তবে এই পদের শেষ সদস্য নির্বাচিত হওয়া নিয়ে ছিল সবচেয়ে বেশি উত্তেজনা। ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালাম ফারুক। মাত্র দুই ভোট কম পেয়ে বাদ পড়েছেন আফসানা খানম।
শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মাঝখানে জুমার নামাজের জন্য এক ঘণ্টা বিরতি ছিল। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৫ জন। দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। একটির নেতৃত্বে ছিলেন আবদুর রহমান ও রাহাত সাইফুল। অন্য প্যানেলের নেতৃত্বে ছিলেন কামরুল হাসান দর্পণ ও আহমেদ তেপান্তর। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।
আরও পড়ুন: পর্দায় ফিরছেন চুলবুল পাণ্ডে





