বগুড়ায় বিএনপি অফিসসহ গ্রামীণ ব্যাংকে ককটেল ও পেট্রোলবোমা হামলা
বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধুনট উপজেলা বিএনপি অফিসের দলীয় কার্যালয়সহ কাহালু মালঞ্চা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল ও পেট্রোল বোমা হামলা করার মত বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি অফিসের দলীয় কার্যালয়ে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গতকাল (২০শে নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার সময় ধুনট উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় হামলা করা হয়েছে। এছাড়াও কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটনা ঘটেছে। গত রাতে বগুড়া কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখার মূল ফোটোকে অজ্ঞাতনামা ব্যক্তিরা পেট্রোল বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়। তাৎক্ষণিক নাইট গার্ড পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে পেট্রোল বোমা বিস্ফোরণ করা হলেও এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের মত ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, রাত সাড়ে ১১টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধুনট উপজেলা বিএনপি'র অফিসের দলীয় কার্যালয়ের সামনে বিকট শব্দ শুনতে পায় স্থানীয় লোকজন। পরবর্তীতে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও বিএনপি'র স্থানীয় নেতাকর্মীরা ঘটনা স্থলে গিয়ে সড়কে পলিথিনে মোড়ানো একটি বস্তু ও বিস্ফোরণের আলামত দেখতে পায়। এসময় অত্র এলাকায় নিমিষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ধুনট থানা পুলিশ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এছাড়াও একই রাতে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের যুগিগাঁতি চারমাথা বাজার এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপি'র দলীয় কার্যালয়ে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের অভিযোগ করেন স্থানীয় নেতাকর্মীরা। এতে বিএনপি নেতাকর্মীরা দাবি করে যে, বিএনপি'র দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। তবে এসব ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে বিতর্কিত যুবদল কমিটি: ধর্ষণ ও মাদকের অভিযোগে অভিযুক্তদের হাতে নেতৃত্ব
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে, ধুনট উপজেলা বিএনপি অফিসের দলীয় কার্যালয়কে লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ যথাযথ ভাবে গুরুত্ব সহকারে কাজ করছে বলে জানান তিনি।





