দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৭ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার

সংসদে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী, আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রেমিট্যান্সকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তার শাসনামলেই শ্রমিকদের বিদেশে পাঠানোর কার্যক্রম শুরু হয় বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী জানান, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, অর্থ পাঠানোর খরচ কমানো এবং দ্রুত প্রবাসী আয় দেশে পৌঁছানো নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।

এসব উদ্যোগের অংশ হিসেবে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউজ এবং মানি ট্রান্সফার অপারেটরগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর নতুন নেটওয়ার্ক যুক্ত করা সহজ হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির ফলে লেনদেনের খরচ কমছে।

তিনি আরও বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ প্রণোদনা দিচ্ছে। এ ছাড়া কম খরচে অর্থ পাঠানোর সুযোগ তৈরিতে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবেও রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।

প্রবাসীদের জন্য রেমিট্যান্স সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে নতুন প্রযুক্তি এবং বিকল্প মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী।