মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ভাঙচুর করা হয়। লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে ঘুসি, ডেমরায় দুই পক্ষের সংঘর্ষ
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের প্রবেশপথে ভাঙচুরের চিহ্ন রয়েছে। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে ঢুকতে পারেননি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন।
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে ছিলেন।
আরও পড়ুন: বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০-২৫ জন পুরুষ ও শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
এ সময় পুলিশকে খবর দেওয়া হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তিনি।
মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়েছে।
সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টিও হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।
হামলার পর ভবনটি ঘিরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে জানা গেছে।





