মান্নাতে আমার কোনো সিদ্ধান্ত চলে না, কেন বললেন শাহরুখ?
বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ মুম্বাইয়ের অন্যতম আকর্ষণীয় ঠিকানা। বাড়িটির বাইরের সৌন্দর্য যেমন ভক্তদের মুগ্ধ করে, তেমনি এর অন্দরমহল নিয়েও রয়েছে কৌতূহল। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বাড়ির অন্দরমহল নিয়ে মজার কিছু তথ্য জানিয়েছেন শাহরুখ। রসিকতা করে তিনি বলেছেন, মান্নাত মূলত তাঁর স্ত্রী গৌরী খানের বাড়ি। সেখানে নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তাঁর!
সম্প্রতি দুবাইয়ে ড্যানিউবের ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই অভিনেতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। এ সময় করণ শাহরুখের কাছে জানতে চান, নিজের বাড়িতে এমন কোনো বিষয় আছে কি না, যা করার অনুমতি তিনি পান না?
আরও পড়ুন: মীরকে নিয়েই কি ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’?
উত্তরে মজার ছলে শাহরুখ বলেন, বাড়ির প্রায় কোনো বিষয়েই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর নেই। কারণ, মান্নাত গৌরী খানের বাড়ি। ওয়াইফাই, খাবার, দেয়ালের রং, পেইন্টিং, সিঁড়ি, লিফট, ছাদ, ঝাড়বাতি কিংবা ঘরের আলো—কোনো কিছু নিয়েই নিজের মতামত দেওয়ার সুযোগ নেই তাঁর।
এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমাদের বাড়িতে গৌরীর পছন্দ নিয়ে কোনো কথা বলা যায় না। ওয়াইফাই থেকে শুরু করে বিছানায় বসে খাওয়া, দেয়ালের রং, পেইন্টিং, সিঁড়ি, লিফট, ছাদ, ঝাড়বাতি কিংবা আলো—কোনো কিছু নিয়েই আমি কথা বলতে পারি না।’
আরও পড়ুন: আসছে অপূর্ব-নীহার নতুন নাটক
তবে বাড়িটি নিয়ে গৌরীর প্রশংসা করতে ভোলেননি অভিনেতা। তাঁর ভাষায়, ‘আমরা শুধু শান্তিতে বসে বাড়িটি উপভোগ করি। গৌরী কী সুন্দর একটি বাড়ি তৈরি করেছে!’
শাহরুখ আরও জানান, বাড়ির প্রতি তাঁর ভালোবাসার পেছনে রয়েছে ব্যক্তিগত আবেগ। অল্প বয়সেই মা-বাবাকে হারিয়েছিলেন তিনি। গৌরীকে বিয়ে করার আগে নিজের কোনো বাড়িও ছিল না তাঁর। সে সময় থেকেই নিজের একটি স্থায়ী ঠিকানা গড়ে তোলার স্বপ্ন দেখতেন অভিনেতা।
তাঁর মতে, মানুষের জীবনে বাড়ির গুরুত্ব আলাদা। সুখ কিংবা দুঃসময়—সব পরিস্থিতিতেই বাড়ি মানুষকে স্বস্তি দেয়। বাইরের নানা প্রতিকূলতা পেরিয়ে ঘরে ফিরে মানুষ নতুন করে শক্তি সঞ্চয় করতে পারে।
নিজেদের প্রথম বাড়ি কেনার স্মৃতিও ভাগ করে নেন শাহরুখ। জানান, প্রথম বাড়িটি তাঁদের সামর্থ্যের বাইরে ছিল। পরবর্তী সময়ে মান্নাত কেনার ক্ষেত্রেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁদের। এদিকে শাহরুখ খানকে সামনে দেখা যাবে তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এ। আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।





