এক সপ্তাহের মধ্যে মাতুয়াইলে ১.৫ একর জমিতে খেলার মাঠ নির্মাণ শুরু: ডিএসসিসি প্রশাসক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৩০ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মাতুয়াইলে প্রায় দেড় একর জমির ওপর নতুন খেলার মাঠ নির্মাণের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার (১৮ নভেম্বর) ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

আরও পড়ুন: ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে ঘুসি, ডেমরায় দুই পক্ষের সংঘর্ষ

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, কলেজজীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।

ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে ডিএসসিসির উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার শিক্ষার্থীদের বিনামূল্যে রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার ও আহসান মঞ্জিল।

আরও পড়ুন: বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি। ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতাও কামনা করেন।

ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, এলাকার খালগুলো পুনঃখনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। খালের ওপর অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ না করে খাল পুনরুদ্ধারে সিটি কর্পোরেশনকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। খাল পারাপারের জন্য প্রয়োজনীয় কালভার্ট সিটি কর্পোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ করে দেবে বলেও জানান প্রশাসক।

নতুন মাঠ নির্মাণের পাশাপাশি উদ্বোধন করা মাঠটিতেও আলোকসজ্জা, নেটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। তাঁর আশা, এসব মাঠ শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও উপকারে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবিউল্লাহ নবি এবং কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।