মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ২

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৭ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানা এলাকার মিরপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: লালবাগে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের অর্থদাতা সাবেক নেতা গ্রেপ্তার

ট্রাফিক পুলিশের মিরপুর-১ এলাকার ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার কিছুক্ষণ পরই বাসটিতে আগুন লাগে।

তিনি আরও জানান, বাসে থাকা যাত্রী, চালক ও চালকের সহকারী দ্রুত নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আরও পড়ুন: রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, আটক ১

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।