ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী, শীতের আগমনী বার্তা
অগ্রহায়ণের শুরুতেই রাজধানী ঢাকায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে আগেই শীতের প্রভাব দেখা গেলেও এবার ঘন কুয়াশার মধ্য দিয়ে শীতের আগমনী বার্তা মিলছে রাজধানীতেও।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। এর সঙ্গে বয়ে যাওয়া হালকা ঠান্ডা বাতাসে নগরজীবনে শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
আরও পড়ুন: লালবাগে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের অর্থদাতা সাবেক নেতা গ্রেপ্তার
সকালে রাজধানীর বিভিন্ন সড়কে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। অনেক জায়গায় দূরের ভবন ও স্থাপনা অস্পষ্ট হয়ে পড়ে। এমনকি কোথাও কোথাও কয়েক হাত দূরের যানবাহনও ঠিকমতো দেখা যাচ্ছিল না। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের সতর্ক থাকতে হচ্ছে। এ সময় দৃষ্টিসীমা নেমে আসে প্রায় ৫০০ মিটারে।
তবে কুয়াশা ও ঠান্ডা আবহাওয়ার মধ্যেও স্বাভাবিক ছন্দে চলছে রাজধানীর কর্মব্যস্ততা। জীবিকার প্রয়োজনে কর্মস্থলের উদ্দেশে বের হয়েছেন অনেকে। কেউ সন্তানদের নিয়ে যাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানে, আবার কেউ জরুরি কাজে ঘর থেকে বের হয়েছেন।
আরও পড়ুন: রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, আটক ১
সব মিলিয়ে সকালের ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে রাজধানীর প্রকৃতিতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠেছে।





