ফুকেটে ভয়াবহ আগুন, নিহত ১১, আহত ১৬
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে দ্বীপটির একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। দেশটির পুলিশ রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে ফুকেটের একটি গাড়ি ভাড়ার ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত বাণিজ্যিক ভবনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক ভবনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ঢাকার পর এবার ইসলামাবাদেও নারীদের জন্য পিংক বাস
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। তবে নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী কারণে তা দ্রুত আশপাশের ভবনে ছড়িয়ে পড়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’
আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলে অবস্থিত জনপ্রিয় পাতং সমুদ্রসৈকত এলাকার কাছাকাছি একটি শহরে অবস্থিত। পর্যটকদের কাছে পরিচিত এই অঞ্চলটি দ্বীপটির অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
উল্লেখ্য, ফুকেটে এই অগ্নিকাণ্ডের মাত্র চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল। পরপর এমন প্রাণঘাতী অগ্নিকাণ্ড দেশটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।





