গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জ শহরে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের লঞ্চঘাট ব্রিজের ওপর এ মিছিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের

পরে বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরতলির গাবতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রায় এক কিলোমিটার পথ ঘুরে শহরের শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে শহরতলির জেলা কারাগারের সামনে থেকে আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি লঞ্চঘাট ব্রিজে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের সামনেই জড়ো হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্যদের নীরব অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশিদ বলেন, ‘কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। আমাদের পুলিশি টহল অব্যাহত আছে।’

এদিকে, দিনের বেলায় শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীদের এমন মিছিল ও বিক্ষোভের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।