নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জন
নারায়ণগঞ্জে পৃথক দুটি ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতিসহ চারজন দগ্ধ হন। তাঁদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ছাড়া ফতুল্লায় রাসায়নিকের সংস্পর্শে দগ্ধ হয়েছেন আরও দুজন।শনিবার (রাত) কাঁচপুরে রাত দেড়টার দিকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন রোজিনা (৩০), তাঁর স্বামী শরিফ (৩৪) এবং তাঁদের স্বজন রিয়াজ (২২) ও রনি (১৯)।
আরও পড়ুন: কুলাউড়ায় খাল দখল করে ভবন নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ঘটনায় রাসায়নিকের সংস্পর্শে দগ্ধ হন দুজন। তাঁদেরও আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে প্রতিবেশির ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার
দগ্ধ দুজন হলেন আনোয়ার (৪০) ও সামসুল (৩০)। চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ এবং সামসুলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।





