আনসার সদস্যদের ২৮ দিনের অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৪৬ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে আনসার ব্যাটালিয়নের সদস্যদের জন্য ২৮ দিনব্যাপী ‘উপজেলা/থানা আনসার অ্যাডভান্স প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে। গত ৪ অক্টোবর থেকে দুটি আনসার ব্যাটালিয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম চলছে। Armed Forces Division (AFD) পরিচালিত ‘Training of Forces Under People’s Warfare Doctrine’ শীর্ষক Pilot Project-এর আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Pilot Project-এর প্রথম ধাপে গাজীপুরের সফিপুর আনসার ব্যাটালিয়ন (২৭ বিএন) এবং পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন (৩১ বিএন)-এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। উপজেলা/থানা আনসারের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা মোট ২০০ সদস্য এতে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগির আরও আটটি আনসার ব্যাটালিয়নে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে উপজেলা/থানা আনসার কোম্পানির স্বেচ্ছাসেবী সদস্যদের সক্ষমতা বাড়াতে এ প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রশিক্ষিত, দক্ষ এবং বিভিন্ন সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সক্ষম জনশক্তি গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়কের তত্ত্বাবধানে এবং AFD-এর সার্বিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর অভিজ্ঞ প্রশিক্ষকেরা এ কার্যক্রমে প্রশিক্ষণ দিচ্ছেন।

আরও পড়ুন: নিশ্ছিদ্র নিরাপত্তায় দুর্গাপূজা হবে: ডিএমপি কমিশনার

প্রশিক্ষণে ফায়ারিংয়ের মৌলিক বিষয়, নিশানা গ্রহণের সাধারণ নীতি এবং ফায়ারিং নিরাপত্তা সম্পর্কে বাস্তবমুখী শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি পদাতিক বাহিনীর সাধারণ পরিচিতি ও পদাতিক কোম্পানির সাংগঠনিক কাঠামো সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ ছাড়া সংকটময় পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল হিসেবে ছদ্মবেশ, গোপনীয়তা ও আড় ব্যবহারের নিয়ম নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। People’s Warfare Doctrine-এর আলোকে উপজেলা ও থানা আনসার সদস্যদের প্রয়োজনীয় সামরিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।