ভারতে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু
ভারতের মহারাষ্ট্রের শ্রীবর্ধন তালুকের দিভেগার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে ৮ জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনার পর সৈকত থেকে উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পুনের আলান্দির উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ৪৮ সদস্যের একটি দল সেখানে ভ্রমণে গিয়েছিল। তাদের মধ্যে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছয়জন শিক্ষক ছিলেন।কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা সমুদ্রে সাঁতার কাটতে নামলে তাদের মধ্যে ৮ জন পানির স্রোতে ভেসে যায়। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা তারা বুঝতে পারেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা আট শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: সিরিয়ায় বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৭
নিহতরা হলেন তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর ও কৌস্তুভ সন্দীপ দাউন্দ। তাদের সবার বয়স ১৬ বছর এবং তারা পুনের আলান্দির বাসিন্দা। খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি ঘটনাস্থলে যান। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ছাড়া এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: এআই চিপের চাহিদায় রপ্তানিতে দক্ষিণ কোরিয়ার নতুন রেকর্ড





