নিশ্ছিদ্র নিরাপত্তায় দুর্গাপূজা হবে: ডিএমপি কমিশনার
রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ জন্য মহালয়া থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
ডিএমপি কমিশনার বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এবারের দুর্গাপূজা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ। রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে ডিএমপি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি জানান, মহালয়া, দুর্গাপূজা এবং প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। মণ্ডপের ইনচার্জদের বডিওর্ন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালনের ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন: আনসার সদস্যদের ২৮ দিনের অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু
দুর্গাপূজার সময় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নিজ নিজ পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পূজা কমিটিকেও সচেষ্ট থাকতে হবে। পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর নজরদারি রাখতে হবে। কোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পূজা উদযাপন কমিটির নেতারা আসন্ন দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।





