গোপালগঞ্জ কারাগারে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিভ্রান্তিকর প্রচারণার দাবি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটির দাবি, খাবার বহনের সময় তাদের কর্মীদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেওয়া হয়। পরে সেই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটি ভিন্নভাবে প্রচার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস-২০২৬’ উদ্বোধন, সদস্যসেবায় আধুনিকায়নের গুরুত্ব

বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের জন্য গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাওয়ার পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখে পড়েন।

একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাদের জিম্মি করে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে খাবার ছিনিয়ে নেয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি

পরে খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব প্রচারণার মাধ্যমে ঘটনার বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

খাবার সরবরাহের সঙ্গে জড়িত কর্মীদের জিম্মি করা, ভয়ভীতি প্রদর্শন এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর প্রচারণা বলে উল্লেখ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীটির দাবি, দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় আনসার সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার নিন্দা জানানো হয়। পাশাপাশি যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ঘটনার প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ করা হয়েছে।