গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর বেশি সময় নেই। আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি এই চুক্তি। অথচ মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে আলোচনার কোনো বিষয়সূচি নেই দুই দেশের যৌথ নদী কমিশনের বৈঠকে। এমন পরিস্থিতিতে গঙ্গার পানির ন্যায্য হিস্যা ও সরবরাহের নিশ্চয়তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ বাড়ছে।
গঙ্গা ও পদ্মার পানিপ্রবাহ নিয়ে তথ্য বিনিময়ের উদ্দেশ্যে আজ ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি সামনে থাকলেও বৈঠকের আলোচ্যসূচিতে চুক্তি নবায়ন বা নতুন চুক্তির প্রসঙ্গ রাখা হয়নি। বিদ্যমান চুক্তি নবায়নের ক্ষেত্রে পানি পাওয়ার নিশ্চয়তা সংক্রান্ত শর্ত যুক্ত করতে চায় বাংলাদেশ।
আরও পড়ুন: নাশকতার আশঙ্কায় দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এর আগে ১৯৭৭ সালে দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে প্রথম চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশকে ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি দেওয়ার কথা উল্লেখ ছিল।
১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর দুই দেশের ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার কথা রয়েছে। তবে শুকনো মৌসুমে উজানে পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা নদীর পানিপ্রবাহে সংকট দেখা দেয়। গঙ্গার ওপর ভারতের নির্মিত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাবও এ পরিস্থিতির পেছনে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে: রিজভী
বিশেষজ্ঞদের মতে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের রাজনৈতিক দূরত্ব আলোচনার অগ্রগতিতে প্রভাব ফেলতে পারে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ দেওয়ান বলেন, আগামী দুই বছরেও যদি কোনো চুক্তি না হয়, তাহলে অচলাবস্থার প্রভাব বাংলাদেশের ওপরই বেশি পড়বে। পানি না থাকলে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগও কার্যকর হবে না।
তাই জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে সরকারকে আলোচনায় এগিয়ে আসা এবং সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি।
অন্যদিকে, যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির জানিয়েছেন, গঙ্গা চুক্তি নিয়ে তিনটি বৈঠক হয়ে থাকে। গত রোববার তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তাঁর ভাষ্য, এসব বৈঠক নিয়মিত কার্যক্রমের অংশ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হবে কি না, জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এর আগে গত ২২ মে কলকাতায় গঙ্গার পানি বণ্টনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। চুক্তির মেয়াদ অনুযায়ী, ঢাকায় আজকের বৈঠকটি এ পর্যায়ের শেষ বৈঠক।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতা বা নবায়নের বিষয়ে অগ্রগতি না হলে ভবিষ্যতে গঙ্গার পানি বণ্টন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশেষ করে শুকনো মৌসুমে পদ্মার পানিপ্রবাহ, কৃষি, জীববৈচিত্র্য ও দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় এর প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।





